জাতীয়লিড নিউজ

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে ঝুট ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন ওরফে মোহন খান (৪২) নামের এক জুট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় হাসান আলী (৪১) নামের আরেক বেকারি ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও পরিচিত ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত মহিউদ্দিনে পেটে ও বুকে ৩টি ও হাসানের ডান হাতের কনুইয়ে ২টি গুলি লেগেছে।

কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার পানাহার গ্রামের মৃত রাশিদ খানের ছেলে মহিউদ্দিন। মিরপুর-১০ নম্বর সেকশন, ডি ব্লক, প্যারিস রোড, উদয়ন স্কুল সংলগ্ন ২১ নম্বর বাসায় বসবাস করে আসছিলেন তিনি। এলাকার জুট পট্টিতে তার জুটের ব্যবসা রয়েছে।

অন্যদিকে আহত হাসান আলী বাবার নাম চান মিয়া। তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের ফকিরবাড়ি ৯ নম্বর রোডের মেঘনা বেকারি সংলগ্ন ৩ নম্বর বাসায় বসবাস করে আসছিলেন। মেঘনা বেকারি থেকে বেকারি পণ্য কিনে এলাকার বিভিন্ন দোকানে সরবারহ করেন তিনি।

ঘটনাস্থল সংলগ্ন ‘আল আমিন স্টোর’ এর মালিক আল আমিন জানান, তার দোকানের পাশেই মহিউদ্দিনের বাসা। শুক্রবার রাত ৮টার দিকে তার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় এক দুর্বৃত্ত হঠাৎ এলোপাতারি গুলি চালাতে থাকে। এতে মহিউদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলি ছুড়েই পালিয়ে পড়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ভাগনে রবিন জানান, এলাকাতেই তার মামার জুট ব্যবসা রয়েছে। এ ছাড়া কালশি রোডে বিসমিল্লাহ হার্ডওয়ার নামের আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

আহত হাসান বলেন, ‘আমি মেঘনা বেকারি থেকে খাদ্যপণ্য কিনে বিভিন্ন দোকানে সরবরাহ করি। সকালে সরবরাহ করা মালের টাকা উঠাতে ওই এলাকায় গিয়েছিলাম। ঘটনাস্থলের পাশে একটি দোকান থেকে টাকা নেয়ার সময় পেছনে অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমার হাতে গুলি লাগে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল ইসলাম জানান, গুলির ঘটনায় এক ঝুট ব্যবসায়ী নিহত ও আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি আরও জানান, ৭/৮ মাস আগে নিহত মহিউদ্দিন ব্যবসায়িক দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই ঘটনার জেরে হত্যার চেষ্টার পুনরাবৃত্তি ঘটল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Back to top button