লিড নিউজসারাদেশসিলেট

সিলেটে দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি

অনলাইন ডেস্ক: সিলেট নগরের মিরের ময়দান এলাকায় দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাতে মিরের ময়দান পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে মিরের ময়দান পয়েন্টে দুই ছিনতাইকারী এক রিকশাযাত্রীর গতিরোধ করে পেটে ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ওই যাত্রী চিৎকার শুরু করলে পথচারীরা এসে ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকেই ধরে ফেলে। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুই ছিনতাইকারী হচ্ছে- সিলেটের ওসমানীনগর উপজেলার আনহার মিয়ার ছেলে দেলোয়ার (৩১) ও গোলাপগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে সাহাদ আহমদ (২২)।

মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, আটক দুজন থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Back to top button