লিড নিউজসারাদেশসিলেট

সারাদেশের সাথে সিলেটেও টানা দ্বিতীয় দিন পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক: সারাদেশের সাথে সিলেটেও টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। বাস, সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে আছেন হাজারো মানুষ। এছাড়া পরিবহন শ্রমিকরা গণপরিবহন বন্ধ রাখার পাশাপাশি ব্যক্তিগত যান চলাচলেও বাধা দিচ্ছে। বেশ কয়েক জায়গায় অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা দেয়ার খবর পাওয়া গেছে।

সিলেটে গত রবিবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা কর্মবিরতির ডাক দেয় পরিবহন শ্রমিকরা। আইন সংশোধন ও ৮ দফা দাবিতে তাদের এ কর্মবিরতির ফলে সিলেটে আজ সোমবার বেলা ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে কোন বাস ছেড়ে যায়নি।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ মানিক মিয়া বলেন, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ কর্মবিরতি। সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। সোমবার পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।

পরিবহন ধর্মঘটের কারণে সিলেটের রাস্তা মানুষের দুর্ভোগের অন্ত নেই। বাস বন্ধ থাকার পাশাপাশি সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। আর এ কারণে মানুষের দুর্ভোগের মাত্রা আরোও বেড়ে গেছে। এদিকে রিকসা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষকে তার প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারাকে শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ উল্লেখ করে আন্দোলন করছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের দাবি, শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ ধারাগুলো বাতিল করতে হবে। গত শনিবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাবেশ করে ২৭ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি মানতে সরকারের প্রতি আলটিমেটাম দেয় পরিবহন শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আমরা আলটিমেটাম দিয়েছিলাম। স্মারকলিপিও দিয়েছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।’

Related Articles

Back to top button