জাতীয়লিড নিউজ

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফরের বিষয়ে জানাতে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে প্রধানমন্ত্রীর প্রাপ্তি, মহাসচিবসহ কয়েকটি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক ও তার ফলাফল বিস্তারিত তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। ১ অক্টোবর সকালে তিনি দেশে ফেরেন। শেখ হাসিনা গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইও-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগদেন ।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বৈশ্বিক মাদকদ্রব্য সমস্যা নিয়ে কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। তিনি ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে যোগদেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আশ্রয়দানের মাধ্যমে মানবিকতার উদাহরণ সৃষ্টি করায় তাকে এই পদকে ভূষিত করা হয়ে।

পাশাপাশি, দূরদৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলার জন্য গ্লোবাল হোপ কোয়ালিশন-এর পরিচালনা পর্ষদ তাকে ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।

Related Articles

Back to top button