আন্তর্জাতিকজাতীয়লিড নিউজ

দেশে ফিরছেন আরও ৪২ নিপীড়িত নারীকর্মী

অনলাইন ডেস্ক: সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতিত আরও ৪২ নারী গৃহকর্মী দেশে ফিরছেন আজ (সোমবার)। দেশটির সফর জেলে (ইমিগ্রেশন ক্যাম্প) থাকা এসব নারী গৃহকর্মীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে দেশে ফেরত আনা হচ্ছে।

জানা গেছে, সৌদি আরবের বিভিন্ন কোম্পানি ও সফর জেল থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১৫ ফ্লাইট যোগে আজ (সোমবার) রাত ৯টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। তারা সবাই ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে দেশে ফিরছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জাগো নিউজকে বলেন, গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক নারীকর্মী সৌদি আরবের জেল থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। তাদের অধিকাংশই সম্বল বলতে শুধু পরনের কাপড় নিয়ে দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এসব নির্যাতিত নারীদের পাশে দাঁড়াচ্ছে।

সৌদি আরবের কর্মরত এসব নারী গৃহকর্মী মালিকদের অমানবিক নির্যাতন সইতে না পেরে ইমিগ্রেশন ক্যাম্পে আশ্রয় নেন। পরে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অার্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ। ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিবাসন প্রত্যাশী নারী শ্রমিকদের একা বিদেশে যেতে বাধা দেয়া হলেও পরবর্তীতে ২০০৩ এবং ২০০৬ সালে কিছুটা শিথিল করা হয়।

২০০৪ সালের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত নারী শ্রমিকের অভিবাসন হার ক্রমাগত বাড়তে থাকে এবং ২০১৫ সালে এর সংখ্যা দাঁড়ায় মোট অভিবাসনের ১৯ শতাংশে।

Related Articles

Back to top button