

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বারসহ ইকবাল হোসেন (২৬) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। জব্দকৃত ৬০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯০০ গ্রাম।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আটক ইকবাল হোসেন চট্রগামের সাজকানি থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি-২২২ সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এরপর স্বর্ণের বারগুলো ধরা পড়ে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




