

হবিগঞ্জ প্রতিনিধি:জেলার চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (০২ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাসুল্লা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন চুনারুঘাটে দুর্গাপুর-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় লোকজন জানান, আলী হোসেন রাতে বাসুল্লা বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, হাসপাতালে আনার আগেই আলী হোসেনের মৃত্যু হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




