

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে পজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া এলাকা থেকে আকলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, আকলিমার মরদেহ ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ঘটনাটি পুলিশে জানানো হলে বাড়ির লোকজন পালিয়ে যায়।
নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, আকলিমাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ওড়না দিয়ে জানালার সঙ্গে পেঁচিয়ে রাখে। অথচ জানালার উচ্চতা অনুযায়ী কোনো মানুষ ফাঁস লেগে মরতে পারে না।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূকে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।




