সারাদেশ

‘সরি’ বলে মাফ পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।।  সম্প্রতি এক সংবাদপাঠিকাকে হুমকি দেয়ার পর গণমাধ্যমের প্রশ্নের মুখে দোষ স্বীকার করে ‘সরি’ বলেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তবে দুঃখ প্রকাশ করে মাফ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বাংলা একাডেমিতে ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা– ২০১৮’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সরি’বললেই কি পার পাওয়া যায়? আর যদি মাফ পাওয়া যেত তবে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে তা বন্ধ হয়ে যেত। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতেই ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে। মিজানকে এদিন সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

সম্প্রতি এক সংবাদপাঠিকাকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে। এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এক ভদ্রমহিলার সঙ্গে আমার কথোপকথন হয়েছে। এ জন্য আমি সরি।

ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশের উচ্চ পদে থেকে তদবির, নিয়োগ, বদলিসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে নানা উপায়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার নামে- বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এমনকি দেশের বাইরে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের জন্য গত ১০ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে দুদক।

ডিআইজি মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এ বছরের জানুয়ারিতে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নারী নির্যাতনেরও অভিযোগ ওঠে। অভিযোগের প্রমাণ পায় পুলিশের তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।

Related Articles

Back to top button