

নিজস্ব প্রতিনিধি :: আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবাধ সরবরাহ অব্যাহত ও সকল পণ্যের মূল্য স্বাভাবিক এবং স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং শুরু করেছে। আজ বৃহস্পতিবার প্রথম দিনে মনিটরিং টিম সিলেট মদিনা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
দুপুরে নগরীর মদিনা মার্কেট বাজার মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী, খ্রিস্টফার হিমেল রিসিল, বিএসটিআই পরিদর্শক কাওছার আলী।
অভিযানকালে একটি মাংসের দোকানে ২০০০ টাকা এবং মুদি দোকানে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মুদি দোকানদারকে এক হাজার টাকা জরিমানা এবং মাংসের দোকানে পরিমাপের মেশিন ঠিক না থাকায় ২ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিসিল বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে সিলেট মহানগরীসহ সকল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে, ফরমালিনমুক্ত খাদ্যপণ্য সরবরাহ ও ভেজালযুক্ত খাদ্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।’




