

নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার গোয়াবাড়ি জাহাঙ্গীরনগর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার শিক্ষক মাহিন মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর এলাকা থেকে মাহিনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২ এপ্রিল) রাত ৮টায় প্রাইভেট পড়তে গেলে শিশুটিকে ধর্ষণ করেন মাহিন। বর্তমানে শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা জানান, রোববার থেকে শিশুটি মাহিনের বাসায় গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। সোমবার পড়তে গেলে তার শিশু কন্যাকে ধর্ষণ করে মাহিন। রক্তাক্ত অবস্থায় শিশুটি তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। শুক্রবার তিনি সিলেটে ফেরার পর মেয়েকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন তিনি।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ওসমানী হাসপাতালের ওসিসির তথ্য প্রমাণসহ শিশুটির বাবার দেওয়া অভিযোগ পেয়ে মামলা নেয়া হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহ শিক্ষককে গ্রেফতার করে।



