

সিলেটমিডিয়াডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার আগেই শেষ করতে হবে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কোনো প্রকার মুখোশ ব্যবহার করতে পারবেন না। কেউ ব্যবহার করতে চাইলেও তা হাতে করে বহন করতে হবে। ভুভুজেলা বাঁশিও ব্যবহার করা যাবে না।সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন, ঢাকার রমনা বটমূল ও রমনা পার্কে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটি শোভাযাত্রা বের হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।
এছাড়া সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখী মেলা, ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন, এসব অনুষ্ঠানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিকেল ৫টার আগেই শেষ করতে হবে বৈশাখের সব ধরনের অনুষ্ঠান।
মন্ত্রী আরো বলেন, ইভটিজিং বন্ধে ওই দিন অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
এছাড়া পহেলা বৈশাখের দিন দেশের সকল কারাগারে উন্নতমানের ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশন করা হবে এবং আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা।




