পর্ন আসক্তি থেকে মুক্তি মিলবে যেভাবে


লাইফ স্টাইল ডেস্কঃ আদিকাল থেকেই মানুষের মন উৎসাহ ও আবেগ দ্বারা প্রভাবিত হয়ে আসছে। নতুন কিছু জানার বা আবিষ্কারের প্রবল ইচ্ছা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। যা দেখেনি, যার স্বাদ পায়নি, তা পাওয়ার ইচ্ছা সবারই থাকে। এই ইচ্ছাগুলো অনেক সময় অনেকটা অদ্ভুত, আবার অনেক ক্ষেত্রে স্বাভাবিক।
আমরা আমাদের জীবনে নানা ধাপের সম্মুখীন হই। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, আবার যৌবন থেকে বার্ধক্য। এই ধাপগুলো অতিক্রম করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই এবং নিজেদের আবিষ্কার করি ভিন্ন রকমভাবে।
তেমনই একটা ধাপ হলো কৈশোর থেকে যৌবনে পা রাখার অধ্যায়টি। এই সময়টা হলো উৎসাহ, উদ্দীপনা আর উচ্ছ্বাসের। পৃথিবী যেমন রঙিন লাগে, তেমনি লাগে অনেক অদ্ভুত। অদ্ভুত ব্যাপারগুলো নিয়ে চলতে থাকে আমাদের গবেষণা ও গভীর বিশ্লেষণ। এর মাঝেই পরিচয় হয় একটি নতুন জগতের সঙ্গে, যার নাম ‘পর্ন ওয়ার্ল্ড’।
পর্ন দেখা– প্রথম দিকটায় শুধু উৎসাহের খোরাক হিসেবেই থাকে। কিন্তু পরবর্তী সময়ে তা ব্যক্তি অভ্যাসে পরিণত হয়। আর এই অভ্যাসটাই এক পর্যায়ে ব্যাধিতে রূপান্তরিত হয়। সেই ব্যাধি মানব আত্মার পবিত্রতা বিনষ্ট করে, ধ্বংস করে দেয় মানুষের ব্যক্তিত্ব।
যে উৎসাহ পুঁজি করে মানুষ একটি বীজ রোপণ করে, সেটা ধীরে ধীরে একটি বিষবৃক্ষে পরিণত হয়। এই বিষবৃক্ষের শেকড় উপড়ে ফেলা আমাদের স্বীয় কল্যাণের জন্য অতীব প্রয়োজন। তাই এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার, যা আমাদের এই অন্ধকার জগৎ থেকে শান্তির নীড়ে ফিরিয়ে আনবে সম্পূর্ণরূপে। এমনই কিছু উপকারী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হলো।
সমস্যার কথা কাছের কাউকে বলুন
বিশ্বস্ত এমন কাউকে খুঁজে নিন, যাকে আপনি এই সংগ্রামের কথা খুলে বলতে পারবেন। তিনি হতে পারেন আপনার প্রিয় বন্ধু, ভাই বা কোনো আত্মীয়। তাকে আপনার এই প্রচেষ্টার অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিত করতে পারবেন। তিনি হতে পারবেন আপনার জন্য পর্নহীন স্বাধীন জীবনের পথের দিশারী।
সুস্থ বন্ধু মহল বেছে নিন
‘সুস্থ বন্ধু মহল’ বলতে বোঝানো হচ্ছে এমন কিছু বন্ধুদের নিয়ে তৈরি পরিবেশ, যেখানে মানব কল্যাণকর মুক্তচিন্তা, সৃজনশীলতা, ব্যক্তির মনন উন্নয়নের সুযোগ থাকে। এমনকি ব্যক্তির মেধা পরিচর্যারও একটা সুযোগ থাকে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এমন বন্ধু মহল অবশ্যই পরিত্যাগ করা উচিত, যেখানে যখন-তখন আলোচনার বিষয় হয়ে যায় যৌনতা।
পারিবারিক কাজে মনোযোগ বাড়ান
আমাদের প্রতিদিনের উল্লেখযোগ্য সময় কাটে পরিবারে। আমাদের ব্যস্ততম কিছু সময় পরিবারের জন্য ব্যয় করা খুব একটা কষ্টসাধ্য হওয়ার কথা নয়। বাবা-মায়ের টুকটাক ফরমায়েশ মানা, যদি নিজের ছোট ভাই-বোন থাকে, তাদের সময় দেওয়া, প্রয়োজনে খানিক খেলাধুলা করা গুরুত্বপূর্ণ। যদিও অনেকে প্রত্যাহিক জীবনে খেলাধুলা করে থাকেন, তবুও এখন থেকে তার মাত্রা আগের তুলনায় খানিকটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। বিষয়টিতে আলাদা গুরুত্ব দিতে হবে।
ধর্মীয় অনুশাসন মেনে চলুন
ধর্ম আমাদের সুশৃঙ্খল হতে শেখায়। আমাদের নৈতিক সমৃদ্ধি, চারিত্রিক উন্নয়ন ও সর্বোপরি সুস্থ ও স্বাভাবিক ধারার জীবনযাপন করতে সহায়তা করে। তাই একটি সুন্দর ব্যক্তিত্ব গঠনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অনস্বীকার্য।
সামাজিক যোগাযোগের মাধ্যমের সুষ্ঠু ব্যবহার
আমরা প্রায় সবাই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করি। আমাদের এই আধুনিক সমাজে এই মাধ্যম ব্যতীত একটি দিনও কল্পনা করা সম্ভব নয়। তবে এই মাধ্যমগুলো ব্যবহারে একটু সতর্ক হতে হবে। যেমন: যৌন উস্কানিমূলক পেজ বা গ্রুপ থেকে নিজেদের সরিয়ে নিতে হবে, যেন পরবর্তী সময়ে আমাদের পর্ন দেখায় আগ্রহী তৈরি না হয়।
মনকে সবসময় ব্যস্ত রাখুন
ইংরেজিতে একটা প্রবাদ আছে, ‘Empty mind is devil’s workshop’। এর মানে হচ্ছে ‘অলস মস্তিষ্ক শয়তানের কারখানা’। মনকে যদি ব্যস্ত না রাখেন, তবে সে নিজ থেকেই একটা কাজ বেছে নেবে। তাই নিজেকে এমন কাজে ব্যস্ত রাখুন, যা আপনার আগামী দিনকে সুন্দর করতে সাহায্য করবে ও আপনার ভালো কাজের গতি বাড়াবে।
ধ্যান করুন
নিজ আত্মার পরিশুদ্ধির জন্য ধ্যান বা মেডিটেশন কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি ইচ্ছাশক্তি, মনোযোগ, স্ব-সচেতনতা বৃদ্ধি করে। তাই পর্নমুক্ত জীবন পেতে মেডিটেশন একটি উপযোগী পন্থা হতে পারে।
পর্ন ব্লক করার টুলস ব্যবহার
মানুষের মন অনেকটা নদীর মতো। যেকোনো মুহূর্তেই তার গতি পরিবর্তন হতে পারে। তাই দরকার একটু বাড়তি সতর্কতা। সে কারণে আপনার কম্পিউটার ব্রাউজিং পর্নমুক্ত রাখতে ব্যবহার করতে পারেন কিছু ইন্টারনেট টুলস। এ ক্ষেত্রে সাহায্য করতে পারে https://www.raymond.cc/blog/block-pornographic-pictures-by-pixelating-images লিংকটি।
সিলেট মিডিয়া/সোলেমান ইসলাম তাওহীদ




