নিখোঁজের ৫ দিন পর শাবির সাবেক ছাত্রীর লাশ উদ্ধার


সিলেটমিডিয়াডেস্ক: নিখোঁজের ৫ দিন পর সুনামগঞ্জের দোয়ারবাজারে সুরমা নদী থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৈশাখী ধর তৃপ্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দোয়ারাবাজার খাদ্য গুদাম এলাকায় সুরমা নদী থেকে তার গলিত লাশ উদ্ধারের পর দোয়াবাজার থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী এবং ডিএনএ সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর বুধবার সুনামগঞ্জে তার সৎকার করা হয়।
বৃহস্পতিবার নিহত তৃপ্তির বাবা আশুতোষ ধর দোয়ারাবাজারে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। কবর থেকে তৃপ্তির লাশ উত্তোলন করে হিন্দু ধর্মীয় বিধানমতে লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ঘটনার পর নিহতের স্বামী রিংকু ধরকে গ্রেফতার করেছে পুলিশ। তৃপ্তি শাবির ২০০৯-১০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গণিতে মাস্টার্স করেছেন। পারিবারিক বিরোধের কারণে তৃপ্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
তৃপ্তির বাবা আশুতোষ ধর বাদী হয়ে রিংকুর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রিংকুর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। তৃপ্তির গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার দাসপাড়ায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সিলেট রেলওয়ে মেল সার্ভিসের কর্মী তৃপ্তি এবং তার স্বামী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার রিংকু চন্দ্র ধর সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসাবে বসবাস করতেন। গত ২১ এপ্রিল সকালে আকস্মিক নিখোঁজ হন তৃপ্তি। এরপর বুধবার সুনামগঞ্জে উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল কুমার জানান, ৭-৮ মাস আগে রিংকুর সাথে তৃপ্তির বিয়ে হয়। পারিবারিক বিরোধেই এ খুনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।




