খেলাধুলা

জ্বলে উঠতে তৈরি সাকিব

সিলেটমিডিয়াডেস্ক: মোস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল পেজে বাঁহাতি পেসারের সব খবরাখবর ফ্র্যাঞ্চাইজিটি নিয়মিত জানিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই আইপিএলের আরেক দল সানরাইজার্স হায়দরাবাদও। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানকে তারা তুলে ধরছে ভালোভাবেই।

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। পরে তো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্নই হয়ে গেল তাঁর। বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার নিয়েছে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব রওনা হয়ে গেছেন গতকাল। সঙ্গে আছে তাঁর পরিবার।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিকেলে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বিকেলে সাকিবকে নিয়ে হায়দরাবাদ লিখেছে, ‘অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে। তাঁর প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়।’ সন্ধ্যায় সাকিবকে নিয়ে হায়দরাবাদের আরেকটি পোস্ট, ‘২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো?’

পরে সাকিব নিজেও এক ভিডিও বার্তায় হায়দরাবাদকে সমর্থন করার আহ্বান করলেন, ‘আমি মনে করি, আমরা এমন একটি দল, যারা শিরোপা জেতার জন্যই খেলব। অবশ্যই এটি একটি লম্বা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং ছন্দে থেকে শেষ পর্যন্ত খেলতে হবে। যেভাবে সমর্থন দিচ্ছেন, সেভাবেই দিতে থাকুন। আশা করি, আপনাদের জন্য গৌরব বয়ে আনতে পারব।’

Related Articles

Back to top button