লিড নিউজসিলেট

ঘাসিটুলা থেকে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: নিখোঁজের তিন দিন পর নগরীর ঘাসিটুলা এলাকার এলজিইডি কার্যালয়ের পাশের খাল থেকে সোমবার দুপুরে সোহাগ মিয়া নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ কাজিরবাজারে মাছের আড়তে দিনমজুরের কাজ করতো। তার বাড়ি বগুড়ার ওলিবাজারে। সে মজুমদারপাড়ার ময়না মিয়ার কলোনীতে মায়ের সাথে থাকতো।

পুলিশ জানায়, স্থানীয় শিশু-কিশোররা এলজিইডি অফিসের পাশে ক্রিকেট খেলছিলো। একপর্যায়ে বল গিয়ে ওই খালের পাশে পড়ে। এসময় বল কুঁড়িয়ে আনতে গিয়ে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে বড়দের জানায়। তখন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এর আগে তার পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জ্জী জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে বস্তাবন্দি লাশের খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন সোহাগের লাশ সনাক্ত করেন। লাশের গলা, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে সোহাগকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। কি কারনে এবং কারা তাকে হত্যা করেছে বিষটি তদন্ত করছে পুলিশ।

সোহাগ মিয়ার মা ফুলবানু জানান, গত ১৩ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সোহাগ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

Related Articles

Back to top button