লিড নিউজ

রিমান্ড শেষে ফয়জুলের মামাকে কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রাবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের মামা সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া তার বাবা হাফিজ আতিকুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে রয়েছেন।

পাঁচদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মহানগর হাকিম তৃতীয় আদালতে তাকে হাজির করা হলে বিচারক হরিদাস কুমার ফয়জুরের মামা সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এসময় ফয়জুরের বাবা হাফিজ আতিকুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আগ্রহ প্রকাশ করলে তাকে আদালতে রাখা হয়। আজ বিকেলে তার জবানবন্দি গ্রহণের কথা রয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

এর আগে গত রোববার (১১ মার্চ) একই আদালতে ফয়জুরের মা, বাবা ও মামাকে হাজির করে তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম প্রত্যেকের ১০ দিনের করে রিমান্ডের আবেদন জানান।

শুনানী শেষে আদালত বাবা ও মামার পাঁচদিন ও মা মিনারা বেগমের দুইদিনের করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত মঙ্গলবার মিনারা বেগমকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া গত বৃহস্পতিবার (৮ মার্চ) হামলাকারী ফয়জুলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হেফাজতে নিয়ে পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করছে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসান নামের এক যুবক তার উপর ছোরা নিয়ে হামলা চালায়।

হামলায় গুরুতর আহত জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথা, ঘাড় ও হাতে অস্ত্রোপচারের পর ওই রাতেই এয়ারএ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।

Related Articles

Back to top button