বৃহস্পতিবার শহরে ব্যাগ বহন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


সচিবালয়ের সভাকক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা ওই দিন দেশব্যাপী এ অনুষ্ঠানে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পিঠে এক ধরনের ব্যাগ বহন করা হয় যেটা ছাত্র বা যুবক শ্রেণি ব্যবহার করে। অনুষ্ঠানের দিন অর্থাৎ ২২ মার্চ এ ধরনের কোনো ব্যাক-প্যাকসহ কোনো রকম ব্যাগ বহন করতে দেব না। ‘
তিনি জানান, ধারলো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন বস্তুও বহন করতে দেয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ সারাদেশে এ দিন বিরাট জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ওইদিন সচিবালয়ে বেলা ৩টার পর কেউ প্রবেশ করতে পারবে না।
যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন, তারাও বের হতে পারবেন না।




