ড.জাফর ইকবালের উপর হামলা: এবার ফয়জুরের বন্ধু ও রিমান্ডে


সিলেটমিডিয়াডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
শুনানী শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন মহানগর আদালত পুলিশের সহকারি কমিশনার অমূল্য কুমার চৌধুরী। তিনি বলেন, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের ঘনিষ্ট বন্ধু সোহাগ মিয়া।
গত রবিবার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফয়জুর জানায়, তাকে জঙ্গি আদর্শে উদ্ধুদ্ধ করেছে সোহাগ। তাই হামলার নেপথ্যের কারণ ও শক্তি সম্পর্কে জানতে তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত মামলার তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে শহরতলীর কালীবাড়ি এলাকা থেকে সোহাগ মিয়াকে আটক করা হয়।
জানা গেছে, সোহাগ মিয়ার সুনামগঞ্জের দিরাই উপজেলার উমেদনগর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। সোহাগ পেশায় কাপড় ফেরিওয়ালা।
এর আগে ফয়জুর এবং তার মা মিনারা বেগম, বাবা হাফিজ আতিকুর রহমান, ভাই এনামুল হাসান ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ফয়জুর এবং তার মা, বাবা ও মামাকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ফয়জুর ও তার বাবা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাই এনামুল এখনো পুলিশী হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে একটি অনুষ্টান চলাকালে ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর। হামলার পর উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ফয়জুরকে আটক করে র্যাবের কাছে সোপর্দ করেন।




