লিড নিউজশিক্ষাঙ্গন

গলায় ঝুলছে সার্টিফিকেট হাতে ঝাড়ু

সিলেটমিডিয়াডেস্ক: গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়ক ঝাড়ু দিয়েছেন_ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৫ মার্চ) সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এ সময় তারা হাতে ঝাড়ু এবং গলায় শিক্ষা সনদ ঝুলিয়ে রাখেন।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি।’

কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদে সাধারণ শিক্ষার্থীদের থেকে নিয়োগ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানান মামুন। তবে কোটা কমিয়ে আনার দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোটা সংস্কার এখন দেশের ১৫ কোটি মানুষের দাবি। এসডিজি পূরণে মেধাবীদের নেতৃত্ব দরকার। সেক্ষেত্রে কোটা সংস্কারের দাবি যুক্তিসংগত।’

গত ১৮ মার্চ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকে আজকের কমসূচির ঘোষণা আসে।

আন্দোলনকারীরা ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। তাদের ৫ দফা দাবি হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটায় প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদ গুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ।

-লেটেস্টবিডিনিউজ.কম

Related Articles

Back to top button