সিলেটে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মী আটক


নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট আগমনের আগে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বিশ্বনাথে ৪ জন, গোলাপগঞ্জে ৫ জন ও ওসমানীনগর থানা পুলিশ একজনকে আটক করে।
গোলাপগঞ্জে পৌরশহর সানরাইজ কমিউনিটি সেন্টারে দলীয় সভা শেষ মিছিল বের করলে ৫ জনকে আটক করা হয়। আটকরা হলেন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান (৩৫), ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলকর্মী জাহাঙ্গীর হোসেন জাকির, সাজু আহমেদ ও রায়হান আহমেদ।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী এ তথ্য নিশ্চিত করেন।
সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় অলঙ্কারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সুফিয়ান, উপজেলার খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদকে আটক করা হয়। এছাড়া ওসমানীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল ইসলাম সরকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট আগমন নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় ফোর্স মোতায়েন থাকবে, যাতে কোনো জটলা সৃষ্টি না হয় এবং তৃতীয় পক্ষ কোনো সুযোগ না নিতে পারে।
তবে মধ্যরাত পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কাউকে আটক করা হয়নি জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্টরা।




