দুই কাপ কফি কমাবে মেদ


স্বাস্থ্য ডেস্কঃ কফি পান করাটা ওজন কমাতে এবং চর্বি দূর করতে কাজে আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান এক ডায়েটিশিয়ান ও লেখক।
২ ফেব্রুয়ারি, শুক্রবার সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে অস্ট্রেলিয়ার ডায়েটিশিয়ান মেলানি ম্যাকগ্রাইস এ তথ্য জানান।
‘বেশিরভাগ মানুষ যাই ধারণা করুক না কেন, কফিতে খুব বেশী চিনি যোগ করা না হলে তা আপনার ক্ষতি করবে না,’ বলেন মেলানি।
তিনি জানান, কফিতে থাকা ক্যাফেইন মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। দিনে দুইবার কফি পান করলে মেটাবলিজম বাড়ে, ফলে চর্বি দূর হয় এবং ওজন কমে। ‘তবে কফি পান করেই সপ্তাহে এক কেজি ওজন ঝরাতে পারবেন না আপনি,’ যোগ করেন তিনি।
ওজন কমানোর প্রচলিত ওষুধগুলোর মাঝেও উপাদান হিসেবে ক্যাফেইন থাকে। এগুলো ব্যবহার করার চাইতে এক কাপ কফি বা গ্রিন টি পান করতে উপদেশ দেন মেলানি। এতে শুধু যে ওজন কমবে তাই নয়, বরং আরও কিছু স্বাস্থ্য সুবিধাও পাওয়া যাবে।
ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অস্ট্রেলিয়ার গবেষক এবং অধ্যাপক কেভিন ক্রফট ডেইলি মেইলকে জানান, টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে কফি পান। তবে খুব বেশী কফি পান করলে এই উপকার পাওয়া যায় না। দৈনিক তিন-চার কাপ কফি পানে হৃদরোগ এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে।
এই তথ্যের সাথে সম্মতি জ্ঞাপন করে মেলানি ডেইলি মেইলকে বলেন, ‘দিনে চার কাপ কফির বেশী পান করা উচিৎ নয়। এই কফিতে চিনি যোগ না করলে আরো উপকার পাওয়া যায়। তবে ক্যালোরির কথা মাথায় রেখে কফিতে দুধ যোগ করা যেতে পারে।’
সূত্র: ডেইলি মেইল




