ঢাকার প্রবেশমুখে ব্যাপক তল্লাশি


নিউজ ডেস্ক :: গতকাল থেকেই ঢাকার সড়কগুলো ফাঁকা হতে শুরু করেছে। গতকাল ঢাকার পথে বাস চলাচল ছিল সীমিত। দূরপাল্লার যানবাহন প্রবেশে বিভিন্ন মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ ও র্যাব। বিশেষ করে রাতে তল্লাশি বৃদ্ধি করা হয়। আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জের বসিলা, বাবুবাজার, যাত্রাবাড়ী, ডেমরা, কুড়িল এলাকায় তল্লাশির জন্য চেকপোস্ট বাড়ানো হয়েছে। গত সোমবার থেকেই কেরানীগঞ্জ- মোহাম্মদপুর সড়কের শহীদ বুদ্ধিজীবী সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে র্যাব সদস্যদেরকে। গতকাল বেলা পৌনে ৪টায় ঢাকার হাইকোর্ট, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন, কাকরাইল এলাকায় মহড়া দিয়েছে র্যাব-৩। মহড়ায় শতাধিক র্যাব সদস্য অংশ নেন। নাশকতা প্রতিরোধে র্যাব পেট্রোল ডিউটি বৃদ্ধি করেছে বলে র্যাব সূত্রে জানা গেছে। র্যাব-৩ এর অপারেশন অফিসার সাখাওয়াত হোসেন জানান, সকল প্রকার অপরাধ, নাশকতা প্রতিরোধে র্যাব সক্রিয় রয়েছে। প্রতিদিন র্যাব-৩ এর দেড় শ’ থেকে দু’শ সদস্য পেট্রোল ডিউটি করছেন বলে জানান তিনি। তল্লাশি বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রেপ্তার। পোশাকধারী র্যাব-পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে গোয়েন্দারা। ঢাকার সিএমএম আদালত সূত্রে জানা গেছে, গতকাল ২৬৮ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। তার আগের দিন গ্রেপ্তার করে হাজির করা হয়েছিলো ২৩১ জনকে।




