ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু, আহত ১০


নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় চলন্ত বাসে দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। অগ্নিকান্ডে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। সাথে সাথে ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। সবার চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হন বাস চালক।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি। নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন বলে দাবী করেন।
ঘন কুয়াশায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন দাবি করলেও হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোন চেকপোস্ট ছিল না। আর ধাওয়ার কোন ঘটনা ঘটেনি।




