জাতীয় পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু


ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে জাতীয় পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। বৃহস্পতিবার সিলেটের দুই আউলিয়া-হযরত শাহজালাল(র.) এবং শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর ঘোষণা দেন জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এ সময় এরশাদ বলেন, জাপা’র শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমি হযরত শাহজালাল (র.) বাবার দরবারে দোয়া নিতে এসেছি। দোয়া নিয়ে আজ শুক্রবার থেকে আমরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করব।
গত মঙ্গলবার এ দুই আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিনের মাথায় সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এইচ এম এরশাদ।
এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না। নির্বাচন ছাড়া প্রতিবাদ করা যায় না। আমরা নির্বাচন করেছিলাম, সব সময় নির্বাচন করেছি। জেল খানায় ছিলাম ছয় বছর, সেখান থেকে দুটি নির্বাচন করেছি। আমি সিলেটবাসীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখানকার মানুষ ৮টি আসন দিয়ে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। ফাঁসির হাত থেকে রক্ষা করেছিলেন। তাই সিলেটবাসীর কাছে চিরকাল-চিরজীবন আমি কৃতজ্ঞ থাকবো। আমি আসছি-সিলেটবাসীর কাছে অনেক ভালোবাসা নিতে, বাবা শাহজালালের কাছে এসেছি-উনার দোয়া নিতে। আশা করি, বাবা শাহজালাল আমার দোয়া কবুল করবেন। আগামী নির্বাচনে আমরা ভালো করবো’-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এরশাদ।
বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় তিনি ও তার সফরসঙ্গীরা দুটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সিলেটে অবতরণ করেন। বেলা পৌনে ৫টায় হেলিকপ্টারযোগে তারা ফের ঢাকায় ফিরে যান।
তার সফরসঙ্গী ছিলেন-জাপার কো- চেয়ারম্যান জিএম কাদের, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ।



