গাজীপুরে কারখানায় আগুন


নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার বেলা সোয়া একটার দিকে কোনাবাড়ির জরুন এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্টস নামের ওই কারখানায় তৃতীয় তলায় কাটিং সেকশনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ফায়ার সার্ভিসসহ আশপাশের সাতটি ইউনিটের দমকল কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানায় আগুন লাগে। কারখানার পঞ্চম তলার ফেব্রিক্সের গুদামে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।




