খালেদা জিয়ার রায় নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিম খানার টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে যাবে, সে টাকা কেন থাকবে? আজকে ধরা পড়ে গেছে। ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মারা ইসলাম ধর্ম সমর্থন করে না। এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামীনও দেয়। সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া, তারাও পেয়েছে। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না। মানুষের অর্থ সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণ হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে বিএনপির কাজ ছিলো অত্যাচার করা, দুর্নীতি করা, মানুষের টাকা লুটপাট করা। খালেদা জিয়ার ছেলে দুর্নীতি করে টাকা পাচার করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বলেছে, খালেদা জিয়ার ছেলে দুর্নীতিবাজ। আরও একটা ধরা পড়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের কোর্ট শাস্তি দিয়েছে। বাংলাদেশ হিসেবে প্রথম আমরা ওই টাকা ফেরত এনেছি। ক্ষমতায় থাকতে জনগণের সম্পদ লুট করেছে। হত্যা, দুর্নীতি, জনগণের সম্পদ লুটপাট ছাড়া তারা আর কিছুই জানে না।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, পদ্মা সেতু বানাতে গিয়েছিলাম। কিন্তু ২০০১ সালে ওই খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই কাজ বন্ধ করে দেয়। আমরা ২০০৯ এসে আবার পদ্মা সেতুর কাজ শুরু করি। সে সময় বিশ্ব ব্যাংক আমার উপর, আমার সরকারের উপর, আমার বোনের উপর দুর্নীতির অভিযোগ এনেছিলো। রাজনীতি করি জনগণের জন্য। আমার বাবা সারা জীবন এ দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তিনি জীবন দিয়েছেন। তার কন্যা হয়ে জনগণের টাকা মেরে খাবো, চুরি করবো, দুর্নীতি করবো এ জন্য ক্ষমতায় আসিনি।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ আনলো তখন আমি চ্যালেঞ্জ দিলাম, আমরা দুর্নীতি করিনি, পারলে প্রমাণ করো। আল্লাহর রহমতে প্রমাণ করতে পারেনি। কানাডার ফেডারেল কোর্ট যেখানে মামলা করেছিলো, তারা বলে দিয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। আমি কথা দিয়েছিলাম, নিজেদের টাকায় পদ্মা সেতু বানাবো। আপনাদের দোয়ায় সেই পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আসলে মানুষ শান্তিতে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ২০০১ সালে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। কারণ আমি গ্যাস বিক্রির মুচলেকা দেইনি। খালেদা জিয়া দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলো।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আসলে দেশের উন্নয়ন হয়। ওই লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গীবাদ, সন্ত্রাস সৃষ্টিকারী, এতিমের টাকা যারা লুটে খায় তাদের স্থান বাংলার মাটিতে হবে না। তারা ক্ষমতায় আসা মনেই দেশকে ধ্বংস করে দেয়া। তাই একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নিশ্চয় আপনারা সেটা নিজেরাই দেখেছেন। আজকে ৯ বছরে দেশকে আমরা উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি, সেই ধারা অব্যাহত রাখতে হবে সুত্র: জাগোনিউজ২৪



