হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছাদ ধসে ১ শ্রমিক নিহত,আহত ৫


নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ কোম্পানির ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে’নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ফিরোজ মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।
নিহত ফিরোজের বাড়ি রাজশাহী জেলায়। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, বিকেলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে। এতে ফিরোজসহ ছয় শ্রমিক আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত সুরুজ মিয়া, মিজানুর রহমান, মেহের আলী, শাহাদাত ও রাজিব ওই হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাণের কর্মকর্তা আহসান বলেন, বিস্তারিত তথ্য পরে জানাবো।




