লিড নিউজ

সিলেটে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের কার্যক্রম শুরু

সিলেট মিডিয়া ডেস্ক: নিরাপদ অভিবাসন নিয়ে সিলেটে কার্যক্রম শুরু করেছে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন। সেক্ষেত্রে তারা স্কুল ও কলেজপর্যায়ে এই কার্যক্রম চালাচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসনের সফলতা তুলে ধরা হচ্ছে। গতকাল সিলেটের দক্ষিণ সুরমা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃটিশ হাইকমিশনের ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন বিভাগের প্রধান লেসলি নিকোল বলেন, ‘নিরাপদ অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশযাত্রায় অবশ্যই নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সঠিক পদ্ধতি অবলম্বন করে বিদেশে যেতে হবে।
কোনো অবস্থাতেই অনিরাপদ পথে বিদেশে যাওয়া যাবে না। তাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা নিরাপদ অভিবাসন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি। আমরা চাই, কম খরচে বাংলাদেশের মানুষ যাতে বিদেশে যেতে পারেন।’ দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৃটিশ হাইকমিশনের ইউকে-ভিআই-এর প্রধান ব্রেন্ডন ফিটজপ্যাট্রিক, মাইগ্রেশন অফিসার মহসিন চৌধুরী প্রমুখ। কলেজের শিক্ষক শ্যামলী চক্রবর্তী ও পলাশ রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান। নুষ্ঠানে ‘অনিরাপদ অভিবাসন উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায়’ শীর্ষক বিতর্কে পক্ষে অংশ নেয় কলেজের শিক্ষার্থী জসিম উদ্দিন, আয়শা আক্তার মুন্নী ও রিয়াজুল করিম এবং বিপক্ষে অংশ নেয় আবদুল মুমিন, আবদুুল্লাহ আল মামুন ও নাদিরা জামান। বিতর্কে পক্ষে অংশগ্রহণকারীরা বিচারকদের রায়ে বিজয়ী হয়। বিচারক হিসেবে ছিলেন কলেজের শিক্ষক আতাউর রহমান, কানিজ ফাতেমা ও শ্যামলী চক্রবর্তী। এদিকে, নিরাপদ অভিবাসন সংক্রান্ত রচনা প্রতিযোগিতায় বিজয়ী হন অমিত রঞ্জন দাস, মাজহার মারজু ও জাহেদ হাসান রাজু। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর সফিকুল ইসলাম, প্রোগ্রাম ফিল্ড ফ্যাসিলেটেটর সুমন ইসলাম, আবু বক্কর সিদ্দিকী ও বাবলী রানী দাশ, ফিল্ডফ্যাসিলেটেটর পারবেজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দক্ষিণ সুরমা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের অর্থায়নে ও এফআইভিডিবি-এর উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button