সাংবাদিকদের উপর হামলা : লিয়াকতসহ ৬জনের বিরুদ্ধে মামলা


ডেস্ক রিপোর্ট : সিলেটের আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলাকারী জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলাদত পাড়ায় সন্ত্রাসী হামলায় আহত যমুনা টেলিভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল বাদী হয়ে শুক্রবার বিকেলে এই মামলা দায়ের করেন।
মামলায় লিয়াকত আলী ছাড়াও ৫জনের নাম উল্লেখ ও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলায় নাম উল্লেখকৃত আসামীরা হলেন- জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ বাবর ও নজরুল, আদর্শ গ্রামের শামীম আহমদ, হরিপুরের জুয়েল আরমান ও খারুবিলের হোসেইন আহমদ ।
সিলেট কতোয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, পাথর লুটকে কেন্দ্র করে একজন প্রবাসীকে হত্যার মামলায় আসামি লিয়াকতসহ ৩১ জন আসামি জামিন বৃহস্পতিবার আদালতে জামিন নিতে আসেন। আদালত একজনের জামিন মঞ্জুর করে বাকি ৩০ জনকে জেল হাজাতে প্রেরণের নির্দেশ দেন। খবর পেয়ে আসামিদের ছবি তুলতে যান যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান ও চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন শাকিল আহমদ সোহাগ। এ সময় সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করে লিয়াকতের অনুগতরা । পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে ওমসানী হাসপাতালে ভর্তি করা হয়। যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পালের মাথায় মারাত্মক জখম রয়েছে।




