লিড নিউজ

ছাত্রদল নেতা শিমু হত্যা: গ্রেফতারকৃত আসামী কারাগারে

কোর্ট রিপোর্টার:: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহকর্মীদের হাতে খুন হওয়া মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩২) হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী রুমন মিয়াকে (২৮) কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার দুপুরে পুলিশ ধৃত আসামীকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন। এ সময় আদালতে মামলার আইও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব ধৃত রুমন মিয়ার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আম্বরখানা দর্শন দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত রুমন মিয়া জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের ফয়ছল মিয়ার পুত্র। বর্তমানে সে নগরীর আকলখোয়া বাদাম বাগিচা আবাসিক এলাকার বাসিন্দা।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব জানান, প্রাথমিক তদন্তে ধৃত রুমন মিয়া এ ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। তিনি জানান, ধৃত রুমন মিয়া এ মামলার এজাহারনামীয় ৮ নং আসামী। এ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারী কোর্ট পয়েন্টে প্রকাশ্যে দিবালোকে নিজ দলের সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু। পরের দিন মঙ্গলবার দুই দফা জানাযা শেষে বাদ এশা শিমুর মরদেহ হয়রত শাহজালাল (রহ.) দরগাহ গোরস্থানে সমাহিত করা হয়। ৩ জানুয়ারী রাতে শিমু হত্যাকান্ডের ঘটনায় মামলা (নং-৭ (১)১৮) রেকর্ড হয়েছিল। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আসামী করে কোতোয়ালী থানায় এজাহার দাখিল করেন নিহত শিমুর মামা তারেক আহমদ লস্কর।

Related Articles

Back to top button