বাহুবলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

বাহবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় তানজীম আহমদ দিনার নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দিনার রঘুরামপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মোঃ আলমগীর মিয়ার ছেলে ও ১ নং মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে আসা তেলের লড়ি উপজেলার ঢাকা -শ্রীমঙ্গল সড়কের মিরপুর ইউনিয়নের মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ট্রাক অপর ট্রাককে ওভারটেকিং করতে গেলে রাস্তার পাশে থাকা দিনারকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দিনার।
এদিকে এ ঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন ঢাকা- সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল মোঃ রাসেলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে।




