কানাইঘাটের লোভাছড়ায় ৫ জনের লাশ উদ্ধার: নিখোঁজ ১


নিউজ ডেস্ক : কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে চার মাদ্রাসা ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাট উপজেলার চাণ্ডালা বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তিনি জানান, এ ঘটনায় বেলা ২টা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩)। এছাড়া, আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫) নিখোঁজ রয়েছে।
নিহতদের মধ্যে চার জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ওই এলাকার বাসিন্দা সুন্দর আলী ও জাকির পেশায় পাথর শ্রমিক।
পুলিশ কর্মকর্তা শামসুল আলম বলেন, ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে বাজারের আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদ্রাসা ছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়।
“লোভাছড়া নদীর পানি শুকিয়ে আসায় তলদেশে অনেক পাথর বেরিয়ে এসেছে। সেই পাথর তুলতে গিয়েছিল ওরা, যাতে পাথর বিক্রি করে টাকা জোগাড় করা যায়।”
তারা নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে ভূমি ধসে পড়লে ওই দলের সবাই চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ৫ জনের লাশ উদ্ধার করে বলে শামসুল আলম জানান।



