জাউয়ায় সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা


ছাতক প্রতিনিধি : ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কমেন্টের জের ধরে জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন ও পাইগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে।
পাইগাঁও গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫-৪০জনের একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় খিদ্রাকাপন গ্রামের লোকমান হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও ৩০-৩৫জনকে অজ্ঞাত রেখে পাল্টা মামলা দায়ের করেন। সংঘর্ষের ঘটনার ৪ দিন পর ছাতক থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। ঘটনার দিন আহতরা চিকিৎসা নিতে হাসপাতাল আসলে থানা পুলিশ ২৪ জনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য গত সোমবার (২ অক্টোবর) রাতে পাইগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ফেইসবুকের একটি স্ট্যাটাসের কমেন্ট কে কেন্দ্র করে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন ও পাইগাঁও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ১শ’২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে গুরুতর আহত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




