লিড নিউজ

সিলেটের ফরিদাবাদ জামেয়া থেকে নিখোঁজ দু’শিক্ষার্থীর সন্ধান মিলেছে

নিউজ ডেস্ক: সিলেট থেকে নিখোঁজ হওয়া জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর দুই শিক্ষার্থীর সন্ধান মিলেছে চট্টগ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চাকতাই মাদরাসার এক শিক্ষক তাদের সন্ধান দেন। বর্তমানে তারা ওই শিক্ষকের হেফাজতে রয়েছেন। তাদেরকে আনার জন্য সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়েছে।
বিগত ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সকাল ৯টার দিকে ঘুমের সময় কাউকে না জানিয়ে দু’জন একসাথে জামেয়া থেকে বের হয়ে যায়। গ্রামের বাড়ি, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য পরিচিত স্থানে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পত্রপত্রিকায় নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। এয়ারপোর্ট থানায় উভয়ের নামে পৃথক পৃথক জিডিও করা হয়।

নিখোঁজ হওয়ার ছয় দিনের মাথায় রবিবার সন্ধার সময় ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের এক মাদরাসা-শিক্ষক তাদের অবস্থান সম্পর্কে জামেয়া কর্তৃপক্ষকে অবগত করেন। সাথে সাথে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রতিষ্ঠান পরিচালকসহ তাদের অভিভাবকরা।

এ সংবাদ লেখা পর্যন্ত তারা চট্টগ্রামের চাকতাই মাদরাসার জনৈক শিক্ষকের হেফাজতে রয়েছে। তবে নিখোঁজ হওয়ার কোনো কারণ এখনো উদঘাটন করা যায় নি।

নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (১৬) ও হোসাইন আহমদ চৌধুরী (১৫)। জুবায়রের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি থানার জাঙ্গারাই গ্রামে। পিতা: জনাব জহিরুল ইসলাম এবং হোসাইনের বাড়ি জকিগঞ্জ থানার পীরনগর গ্রামে। পিতা: মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।

Related Articles

Back to top button