‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সাথে কোনও সংলাপ নয়’


মিডিয়া ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সাথে কোনও সংলাপের দরকার নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন,‘যেখানে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে বিএনপির সাথে কোনও ঐক্যের প্রয়োজন নেই।’
শনিবার (২৩ সেপ্টেম্বর) কামরাঙ্গীচর থানা যুবলীগের ৫৫,৫৬, এবং ৫৭ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রী বলেন, ‘আশ্চর্য্য বিষয় বিএনপি আজ রোহিঙ্গা ইস্যুতে সংলাপ করতে বলে। তাদের সাথে কেন এ বিষয়ে সংলাপ করতে হবে? যেখানে সারা বিশ্ব প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। বিশ্বের সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী অনুকরণীয় হচ্ছেন।’
আগামী নির্বাচনের প্রস্তুতির আহব্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় যে নির্বাচন আছে সেই নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনও বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়নকে ধারাবাহিক রাখতে হলে আমাদের সবাইকে এক সাথে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।’
কামরুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা নেতা নির্বাচন করবেন। যে নেতা চরিত্রবান সেই নেতাকেই বাছাই করবেন।’
বক্তব্য শেষে মন্ত্রী ৫৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে শাহ আলম এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নাম ঘোষণা করার সাথে সাথে হট্টগোল সৃষ্টি হয়। নেতাকর্মীরা এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি সামলাতে মন্ত্রী কমিটি স্থগিত করে পরে ঘোষণা দেবেন বলে জানান।
এর আগে সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে সম্মেলন উদ্ধোধন করেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। অনুষ্ঠানে সম্মেলনের আহ্বায়ক জান্নাতুল রায়হান সভাপতিত্ব করেন।




