লিড নিউজ

প্রতিমা বিসজর্ন দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক: বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটলো পাঁচদিন ব্যাপী এই ধর্মীয় উৎসবের। বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে গেলেন ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।

২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সকাল ১০টার মধ্যে আজকের পূজা এবং দর্পন বিসর্জনসহ সহ সকল আয়োজন শেষ হয়ে গেছে। বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। বির্সজন বিকাল ৪ টা থেকে শুরু করে সন্ধে ৬টার মধ্যে শেষ হয়ে গেছে।

পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছিলেন নৌকায় করে। আজ স্বর্গালোকে বিদায় নিলেন ঘোটকে (ঘোড়া) চড়ে।

বিসর্জন আয়োজন সুষ্টু এবং সুন্দভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো।

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এবার প্রতিমা বির্সজন মহানগর এলাকায় বিকাল ৪ টা থেকে রাত ৮টার মধ্যে সিলেটের চাঁদনীঘাটে এবং উপজেলা পর্যায়ে সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছিলো।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত উপ-কমিশানার জেদান আল মুসা জানান, এবারের পূজায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকিছু সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। পুলিশের পক্ষ থেকে তিনস্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা নির্বিঘ্নে করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো।

এবার সিলেট জেলায় ৪শ ৪৯টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছিলো। এছাড়া সিলেট মহানগর এলাকায় ১শ ২৩টি ও সিটি কর্পোরেশন এলাকায় ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button