লিড নিউজ

দৃশ্যমান হলো পদ্মা সেতু

নিউজ ডেস্ক : পিলারের উপর স্প্যান বসানোর মধ্য দিয়ে অবশেষে দৃশ্যমান হলো নির্মাণাধীন পদ্মা সেতু। ভাসমান ক্রেনের সাহায্যে টেনে আনা স্প্যানটি শনিবার সকাল ৮টার দিকে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর বসানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দু’দিন পিলারের উপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং করা হয়। এদিকে স্প্যান বসানো দেখতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসবেন বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ।

তিনি জানান, সম্পূর্ণভাবে স্প্যানটি বসাতে আরো সময় লাগবে। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দের জোয়ার বইছে দেশি-বিদেশি প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের মধ্যে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুতে কর্মরত দেশি-বিদেশি প্রকৌশলীরা খুবই আনন্দিত। তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার কারণে সেতুটি দৃশ্যমান হয়েছে।

এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৪৭ শতাংশ হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button