বিয়ানীবাজারে সংঘর্ষের মামলায় পুত্রসহ কারাগারে ট্রাক মাসুক


বিয়ানীবাজার প্রতিনিধি : গত রমজান মাসে পৌরএলাকার পূর্ব সুপাতলা মসজিদ প্রাঙ্গনে রক্তক্ষয়ী সংঘর্ষের মামলায় মাসুকসহ ৫জনের বিরুদ্ধে থানায় করা মামলায় ট্রাক মাসুক ও তার পুত্র রুহেল ৪দিন থেকে কারাগারে রয়েছেন। এতে এলাকার মানুষ স্বস্তির নিঃশ^াস ফেলছেন। তাঁরা মাসুকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
জানা যায়, গত ৩ জুন রাতে পূর্ব সুপাতলা জামে মসজিদের মুয়াজ্জিন মিছবাহ আহমদ মাইকে মানুষকে সেহরি খাওয়ার আহ্বান করেন। এ সময় মদ্যপ মাসুক এগিয়ে এসে মুয়াজ্জিনের অসদাচরণ করেন। প্রতিবেশী মাতাব, জিলু কথা বলায় তাদেরকও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে উত্তেজনা শুরু হলে মাসুক পক্ষের লোকজন কয়েক রাউন্ড বন্দুকের ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় আহত জিলুর পুত্র ফাউজুল আজিম মিন্টু ৫জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা করেন। এরপর থেকেই মাসুক ও সঙ্গীয়রা পলাতক ছিলেন।
এদিকে গত মঙ্গলবার দুপুরে এ মামলার ১নং আসামী মাসুক আহমদ ও তার পুত্র ৩নং আসামী রুহেল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুমি বেগম তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর দু’আসামী নওমুসলিম সুমন আহমদ ওরফে বিমল এবং গাড়ি ড্রাইভার হাসান এখনো পলাতক রয়েছেন। তবে ট্রাক মাসুকের অপর পুত্র জুয়েল জামিনে রয়েছেন।-




