লিড নিউজ

নূর চৌধুরীকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এলে এ আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফেরত প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার হাইকমিশনারকে বলেন, ‘নূর চৌধুরী নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক খুনি কানাডায় অবস্থান করছে। তাকে আপনারা ফেরত দিন।’

জবাবে বেনোয়া পিয়েরে লাঘামে প্রধানমন্ত্রীকে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার অনুরোধ আমি পৌঁছে দেব।’

সাক্ষাৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গও আসে।হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বলেন, আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর ২১ বছর এ দেশে কোনো গণতন্ত্র ছিল না। আমরাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছি।

প্রধানমন্ত্রী স্বচ্ছ ব্যালটবাক্স চালুসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা এ সময় তুলে ধরেন।

Related Articles

Back to top button