ছাতকে ঘুষ কেলেংকারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা বরখাস্ত


ছাতক প্রতিনিধি :: ছাতকে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গোবিন্দগঞ্জস্থ অফিসের অভ্যন্তরে দীর্ঘদিন থেকে অনিয়ম, দূর্নীতি ও লুটপাটের অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অনিয়ম বন্ধে এলাকাবাসি সব সময়েই ছিলেন প্রতিবাদে সোচ্চার। এরই প্রেক্ষিতে অফিসের ওয়্যারিং পরিদর্শক খবির উদ্দিনকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে সরেজমিনে পরিদর্শন না করে ভূঁয়া পরিদর্শন রিপোর্ট দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
খবির উদ্দিনের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির সংবাদ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশের পর তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে অফিসের ডিজিএম জাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে গ্রাহক হয়রানী ও প্রতারনাসহ নানা দূর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।




