লিড নিউজ

লামাকাজিতে দুই অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক : সিলেটে-সুনামগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুসলিম আলী (৭০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার ওই সড়কের লামাকাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম নরসিংদী সদর থানার হামিদা ইউনিয়নের আখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, মুসলিম মিয়া তার স্ত্রী, দুই ছেলে ও ছেলের বৌসহ একটি অটোরিকশায় করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতগামী আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। তবে দুর্ঘটনাটি জালালাবাদ থানা ও বিশ্বনাথ থানার সীমানা এলাকায় ঘটায় কোনো থানা দায় নিতে চাচ্ছে না।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, দুর্ঘটনাটি আমার থানা এলাকায় ঘটেনি। একইভাবে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, তার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনেরা মরদেহ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button