লিড নিউজ

গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য ‘তারকা পুরস্কার’ পেলেন মিঠুন মোস্তাফিজ

মিডিয়া ডেস্ক: গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য ‘আলফা তারকা’ পুরস্কার ২০১৭ পেলেন বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক মিঠুন মোস্তাফিজ। বৈশাখী টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর ও প্রধান প্রতিবেদক এবং  সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেব দায়িত্ব পালন করছেন তিনি।

পাক্ষিক ‘আলফা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকা পুরস্কার উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য মিঠুন মোস্তাফিজকে পুরস্কৃত করা হয়। সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্মিলীত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী তার হাতে পুরস্কার তুলে দেন।

একই সময় চলচ্চিত্র, সংস্কৃতি, সাংবাদিকতা, দূর্নীতি প্রতিরোধসহ সমাজের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা গুনীজনদের মনোনয়ন পরবর্তী পুরস্কৃত করা হয়। চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারাকে জানানো হয় আজীবন সম্মাননা ।

এর আগে ব্রডকাস্ট জার্নালিজমে বহুমূখী ভূমিকা- বিশেষ করে দীর্ঘদিন ধরে একইসঙ্গে দায়িত্বশীল টিভি রিপোর্টিং ও সংবাদ উপস্থাপনা, ক্রিয়েটিভ ডিরেকশন, অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশনে ইংরেজি রিপোর্টিং ও ইংরেজি অনুষ্ঠান উপস্থাপনা তদুপরি আন্তর্জাতিক টেলিভিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সৃষ্টিশীল ভূমিকার জন্য গণমাধ্যম ক্যাটেগরিতে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয় তাকে।

গেল এক যুগের বেশি সময় ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন মিঠুন মোস্তাফিজ। রাজনৈতিক প্রতিবেদনের পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক নির্বাচন, পররাষ্ট্র ও কূটনীতি,  সুবিধা বঞ্চিত নারী ও শিশু অধিকার, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, অর্থনীতি, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ উন্নয়ন সাংবাদিকতায় তার অবদান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।

মিঠুন মোস্তাফিজ বেসরকারী টেলিভিশন ও এফএম রেডিওগুলোর সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’- এনবিএ- এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।

টেলিভিশন সাংবাদিকতা ছাড়াও গবেষক এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে মিঠুন মোস্তাফিজ সুনাম কুড়িয়েছেন।

Related Articles

Back to top button