লিড নিউজ

তাহিরপুরে প্রধান শিক্ষকের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রীকে ‘পিটুনি’

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরে প্রধান শিক্ষকের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এক স্কুল ছাত্রীকে ‘পিটুনি’ দিয়েছেন প্রধান শিক্ষক।তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ওই ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে ‘কুপ্রস্তাব’ দেন। এতে ওই ছাত্রী ‘রাজি না হওয়ায়’ তাকে ‘পিটুনি’ দেন ওই শিক্ষক। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে অবহিত করে।

আহত ওই ছাত্রীর বাবা বলেন, ‘প্রধান শিক্ষক আমার মেয়ের সাথে এমন ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রধান শিক্ষক আমিরুল ইসলামের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযুক্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘আমি ওই ছাত্রীকে মারধর করিনি। কোচিং ক্লাসে তাকে শাসন করেছিলাম। অন্য কোন কথাবার্তা তাকে বলিনি। আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করিয়েছেন।’

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে মারধর করার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’

Related Articles

Back to top button