কোহলির পোস্টারে আগুন, ভাংচুর, ১৪৪ ধারা


ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ১৮০ রানে ভারতের হার কিছুতেই মেনে নিতে পারছে না ভক্ত-সমর্থকরা। কোহলি শিবিরের মুণ্ডুপাত করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভারতের তীব্র সমালোচনা। ম্যাচ পাতানোর অভিযোগও কেউ আনছে কোহলিদের বিরুদ্ধে।
ভারতের বিভিন্ন রাজ্যে অস্থিরতা চলছে। টিভি ভাংচুরের পাশাপাশি ক্রিকেটারদের ছবিতে ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। ফলে কোহলি-ধোনিদের বাসায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
ভারতের উত্তর প্রদেশের কানপুর আর উত্তরাখণ্ডের হরিদ্বারে টিভি ভাঙচুর করে প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে, দেরাদুনের বিখ্যাত ক্লক টাওয়ারের আশপাশে অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই ১৪৪ ধারা জারি করে উত্তরাখণ্ড সরকার। ম্যাচের পর রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ।
সমর্থকেরা আগুন ধরিয়েছেন কোহলির পোস্টারে। ভারতীয় অধিনায়কের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তির। কোহলি নিজে এদিন অধিনায়ক হিসেবে ও ব্যাটসম্যান হিসেবেও ব্যর্থ হয়েছে। অনেকে কোহলির মাত্রাতিরিক্ত আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনাও করেছেন।




