হাউজিং এস্টেটে দুর্বৃত্তদের হামলায় তিন এইচএসসি পরীক্ষার্থী আহত


নিউজ ডেস্ক: নগরীর আম্বরখানাস্থ হাউজিং এস্টেটের দুই নম্বর লেনের সম্মুখে দুর্বৃত্তদের হামলার তিন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিন ছাত্রকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছে- রাজু আহমদ (১৮), হাসান আহমদ (১৯) ও জহুরুল শাহরিয়া (১৮)। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক খলিলুল ইসলাম আশা তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ও স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ঘটনার জন্য তিনি ছাত্রদল কর্মীদের দায়ী করেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে আশা। আহতরা হাসপাতালের ১১ নং ওয়ার্ডে ভর্তি আছেন বলেও জানান তিনি।
একটি সূত্র জানায়, মদনমোহন কলেজের সম্মুখ থেকে মোটরসাইকেল আরোহী তিন ছাত্রকে ধাওয়া করে মোটর সাইকেল আরোহী আরো কয়েকজন দুর্বৃত্ত। ধাওয়া খেয়ে তারা হাউজিং এস্টেটের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে হাউজিং এস্টেটের ২ নং লেনের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে তাদের মোটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে তারা মাটিতে লুটিয়ে পড়লে পেছনের মোটর সাইকেল আরোহীরা তাদেরকে বেদম মারপিট করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, বিষয়টি তিনি তাৎক্ষনিক বিমানবন্দর থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পড়ে থাকা একটি মোটর সাইকেলও পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এয়ারপোর্ট থানার ওসি মোশাররফ হোসেন হাউজিং এস্টেটে দুর্বৃত্তদের হামলায় আহত তিন ছাত্রকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে, তাদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত কোনতথ্য জানাতে পারেননি।




