বিয়ানীবাজারে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ : পৌর প্রশাসকের পদত্যাগ


বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র। তাকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দেন পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জি। এ সময় নির্বাচিত সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে পৌরসভার প্রশাসক পদ থেকে তফজ্জুল হোসেন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পৌরনভার মেয়রের কার্যালয়ে আসন গ্রহণ করার পর নবনির্বাচিত সকল কাউন্সিলরদের নিয়ে দোয়া মাহফিল করেন আব্দুস শুকুর। এসময় পৌরসভার বিভিন্ন এলাকার অধিবাসীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করার পর গত ১৮ মে প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন তফজ্জুল হোসেন। তিনি প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় পৌরসভার প্রথম নির্বাচনে অংশ নেন। নির্বাচন ফলাফলে তার অবস্থান ছিল তৃতীয়। তিনি ২৫ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এরপর গত ২ ও ৭ মে উচ্চ আদালতে ৬ কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানিয়ে রীট দায়ের করেন। এদিকে পৌর প্রশাসক পদ থেকে পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়া পৌর অধিবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুপাতলার জাহাঙ্হীর আলম বলেন, নির্বাচিত মেয়রকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে না দেয়ার জন্য তিনি আগে থেকেই পদত্যাগ করেন।
তাহলে এখন কেন, এ পদত্যাগ ১৬ বছর আগে করলে আমাদের অনেক উপকার হতো। নবনির্বাচিত মেয়র আব্দুস শুকুর বলেন, পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জি আমাকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দেন। তার কাছ থেকে জেনেছি গত ১৮ মে আমাদের পৌর প্রশাসক তফজ্জুল হোসেন পদত্যাগ করেন।




