বানিয়াচংয়ে সরকারি কাজে বাধা: ঠিকাদারদের কাছে চাঁদা দাবি


রায়হান উদ্দিন সুমন: বানিয়াচংয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ পুণ:নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্টানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছে এলাকার কিছু প্রভাবশালী।
জানা যায়,বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট ভবনের প্রায় কোটি টাকার টেন্ডার আহবান করেন বানিয়াচং উপজেলা প্রকৌশলী কার্যালয়। ইজিবি টেন্ডারের মাধ্যমে সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজটি পায় মেসার্স মর্তুজা হাসান হবিগঞ্জ।
গত ১৬ মে মঙ্গলবার উক্ত কাজের লে-আউট দিতে গেলে উপজেলা প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সামনে লে-আউটের জিনিসপত্র উপড়ে ফেলে দেয় ওই এলাকার আলী হোসেন ও জাকির হোসেন গংরা। তারা প্রকাশ্যে বাধা প্রদানকালে স্কুলের জায়গার মূল্য বাবদ ৫ লাখ টাকা দাবি করে।
ওই টাকা না দিলে কাজ করতে দেয়া হবেনা বলে হুমকি প্রদান করে তারা। এই হুমকির ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেন। বিষয়টি তাৎক্ষনিক উক্ত ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমানকে অবগত করেন উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে এ স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী একটি বাড়িতে লেখাপড়া চালিয়ে আসছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এলাকার কিছু লোক কাজ করতে বাধা দিচ্ছে।
উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক ও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের জিএম রুহুল কিবরিয়া বুলবুলের সাথে কথা হলে তিনি জানান,এলাকার আলী হোসেন ও জাকির হোসেন গংরা স্কুলের জায়গার মূল্য বাবদ ৫ লক্ষ টাকা দাবি করে আসছে। এবং কাজ বন্ধ রাখার হুমকি দিলে আমরা কাজ বন্ধ করে রাখি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।



