বানিয়াচংয়ে আইপিএল নিয়ে চলছে রমরমা জুয়ার আসর


বানিয়াচং প্রতিনিধি : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) সুদুর ভারতের মাটিতে অনুষ্ঠিত হলেও বানিয়াচংয়ে যেন এর জোয়ার বইছে। বানিয়াচংয়ের সবকটি বাজারসহ প্রায় কয়েকটি গ্রামে চলছে হাজার হাজার টাকার জুয়া খেলা। এতে জড়িয়ে পড়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ীসহ বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আইপিএল খেলা শুরু হওয়ার পর থেকেই এই বাজি ১শ থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত ধরা হচ্ছে। আর তা থেকে প্রতিদিনই প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকররা। জুয়াতে আসক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়াড়ি বলেন,এই চক্র বিকাশ অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। কেউ কেউ আবার নগদে এ লেনদেন করেন। তিনি আর জানান,মূলত প্রতিবছর আইপিএল খেলাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল সক্রিয় হয়ে উঠে এবং প্রশাসনের নাকের ডগায় দঁড়ি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে হাট-বাজারের বিভিন্ন বিপনী বিতান,চায়ের দোকান,পানের দোকান,নাম সর্বস্ব ক্লাব থেকে শুরু করে সর্বত্র চলছে এই জুয়া খেলা। জুয়াড়িরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহনকারী দু’দলের মোট রান,খেলোয়াড়দের ব্যক্তিগত রান,উইকেট,ম্যাচ চলাকালে ওভার প্রতি কত রান উঠতে পারে,ওভারে কোনো নো-বল বা ওয়াইড হবে কিনা এসব নিয়ে তাৎক্ষনিক নির্ধারিত হারে নগদ অর্থ বাজি ধরা হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হজ জানান,মোবাইলের মাধ্যমে আইপিএলের নামে জুয়া খেলা হয় বলে বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবে।




