ওসমানীনগরে ছিনতাইকারী আটক


ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ছিনতাই করে পালিয়ে যাবার সময় কবির মিয়া (৪৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। আটককৃত কবির কুমিল্লা জেলার লাকশাম উপজেলার পরানবাজার আশরা মৌলভী গ্রামের রতন মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন থেকে সিলেট শহরের বালুচরে বসবাস করে আসছে। এ সময় তার সাথে থাকা অন্য দুই ছিনতাইকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারের আলকাছ আলীর ছেলে রুহেল মিয়া টাকা তুলে নিতে উপজেলার গোয়ালাবাজার ব্রাক ব্যাংকে আসেন। পূর্ব থেকে রুহেল মিয়াকে অনুসরণ করে তার পিছু পিছু একটি মোটর সাইকেল যোগে ছিনতাইকারী কবির ও তার আরো দুই অজ্ঞাতনামা সহযোগী সহ তিনজন গোয়ালাবাজারে আসে।
রুহেল মিয়া দেড় লক্ষ টাকা উত্তোলন করে ব্রাক ব্যাংক থেকে বেরিয়ে গোয়ালাবাজারের মধ্যখানে আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা কবির সহ তিন ছিনতাইকারী রুহেল মিয়ার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে।
এ সময় রুহেল মিয়া চিৎকার করতে করতে ছিনতাইকারীদের পিছু নিয়ে ধাওয়া করলে স্থানীয় জনতার সহযোগীতায় ছিনতাইকারী কবিরকে আটক করা হয়।
এ সময় অন্য দুই ছিনতাইকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে জনতা আটককৃত ছিনতাইকরী কবিরকে গণধোলাই দিয়ে মোটর সাইকেল সহ তাকে ওসমানীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীদের ধরতে পুলিশের সারাশি অভিযান অব্যাহত রয়েছে।




